চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শনিবার (৮ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের পর পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে নিজেদের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। একইভাবে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষাকেন্দ্রগুলোও ফল সংগ্রহ করতে পারবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
বরিশাল শিক্ষা বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে লিখতে হবে—
SSC BAR 123456 2026
এরপর এটি ১৬২২২ নম্বরে পাঠালেই এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
এ ছাড়া অনলাইনে ফলাফল দেখার জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ফলাফল প্রকাশের পাশাপাশি পুনর্নিরীক্ষণের আবেদন করার জন্যও পৃথক ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

