দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এরই মধ্যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।
আজ রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের অন্তত ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী বিভাগ ছাড়াও খুলনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ফরিদপুর জেলায় তাপমাত্রার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রখর রোদ ও গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তারা ছাতা ও পানির বোতল সঙ্গে রাখছেন, কেউ কেউ ব্যবহার করছেন হাতপাখা বা ছোট ফ্যান।
আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির এই ধারা আরও এক-দুদিন অব্যাহত থাকতে পারে। ফলে গরমের এই অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা সময় স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
- বিশেষজ্ঞরা বলছেন —
- গরমে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
- অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং
- পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানানো হয়েছে।
- স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো বলেছেন—-
- দীর্ঘ সময় রোদে থাকা এবং শরীরে পানিশূন্যতা তৈরি হলে হিট স্ট্রোকের মতো মারাত্মক অবস্থা দেখা দিতে পারে।
- হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে। এর সঙ্গে দেখা দেয় মাথা ঘোরা, বমি বমি ভাব, বিভ্রান্তি, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
- প্রচণ্ড মাথাব্যথা
- শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া
- ঘাম বন্ধ হয়ে যাওয়া
- দুর্বলতা ও খিঁচুনি
এমন লক্ষণ দেখা দিলে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে ছায়াযুক্ত স্থানে নিতে হবে এবং ঠান্ডা পানি বা স্যালাইন দিতে হবে।

