ফের উত্তাল হরমুজ প্রণালি, এবার তিন জাহাজে ইরানের হামলা
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে গুলি ও রকেট হামলা চালিয়েছে ইরান। ওমানের উত্তর-পূর্ব উপকূলে এবং প্রণালির পশ্চিমাংশে পৃথক এসব হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এবং মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় এই গুরুত্বপূর্ণ জলপথে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশনা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ক্ষয়ক্ষতির বিবরণ ইউকেএমটিও-র তথ্য অনুযায়ী, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে গানবোট থেকে গুলি ও রকেট চালিত গ্রেনেড (আরপিজি) ছোড়া হয়। এতে জাহাজটির ‘ব্রিজ’ বা নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের নাবিকেরা নিরাপদ আছেন এবং বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
গ্রিস-চালিত ওই জাহাজের ক্যাপ্টেন জানান, হামলার আগে আইআরজিসির একটি গানবোট তাদের খুব কাছাকাছি চলে আসে। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হঠাৎ করে গুলি চালানো শুরু করে তারা। যদিও শুরুতে তাদের ওই এলাকা অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেন ক্যাপ্টেন।
পাল্টাপাল্টি দাবি এদিকে, ওমানের পশ্চিমাংশে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী আরেকটি কনটেইনার জাহাজেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই হামলায় জাহাজটির কোনো বড় ক্ষতি হয়নি। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট জাহাজগুলোকে বারবার সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি।

