হামাসকে প্রকৃতপক্ষে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার হবে না উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবিষয়ক ১৫ দফার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ গত মাসে জানিয়েছিল, তারা গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
তবে হামাস বলেছে, তাদের ভারী অস্ত্র হস্তান্তর করা ইসরায়েলের সব ধরনের আগ্রাসন বন্ধ করা এবং গাজা থেকে তাদের বাহিনী তুলে নেওয়ার ওপর নির্ভরশীল।
গত বছরের অক্টোবরে উপত্যকাটিতে প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল রোববার এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ১৫ দফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে।’
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামাস প্রকৃতপক্ষে নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো সেনা প্রত্যাহার করবে না এবং আমাদের বাহিনী ও নাগরিকদের ওপর হুমকির চক্রান্ত ব্যর্থ করে দেওয়া অব্যাহত রাখবে।

