ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি জাহাজে মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নৌ অবরোধ কার্যকরের দায়িত্বে থাকা মার্কিন সদস্যদের সতর্কবার্তা উপেক্ষা করার পর জাহাজটির রাডার লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর জাহাজটির ক্রুরা অন্য একটি বেসামরিক জাহাজে স্থানান্তরের চেষ্টা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র এবং ইয়েমেনের কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হুথিদের চালানো এই হামলায় জাহাজটির তিনজন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে।
এর আগে গত মাসে হুথি সতর্ক করেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়া হিসেবে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বর্তমানে উত্তর ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে গোষ্ঠীটি এর আগেও নৌপথে চলাচলকারী বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা ও হুমকি দিয়ে এসেছে।
বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হওয়ায় সেখানে সৌদি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে নতুন করে এই হামলা আঞ্চলিক নৌনিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্কস। সংস্থাটির মতে, বাব আল মান্দাব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

