ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘লুডু খেলা নিয়ে বিরোধের’ জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।
শনিবার বেলা ১১টায় উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার।
নিহত হামদু মিয়া (৫৩) ওই গ্রামের বাসিন্দা। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে হামদু মিয়ার ছেলের সঙ্গে একই পাড়ার আবুল ইসলামের ছেলের মারামারি হয়। এ সময় লাঠির আঘাতে একজনের মাথা ফেটে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলায় চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে হামদু মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ পরিদর্শক রাজীব সরকার বলেন, হামদু মিয়ার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

