বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। নিহত নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।
সোমবার (৩ আগস্ট) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-২১৮৫) দুই দিন আগে সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-৫৪৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাছুর রহমান নিহত হন। দুর্ঘটনায় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

