দেশের বাজারে কয়েকদিন ধরে কাঁচা মরিচের দাম বৃদ্ধির মধ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি মরিচের দাম পড়েছে ৩৭ টাকা।
প্রায় সাড়ে আট মাস পর সোমবার ভারতীয় চারটি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ স্থলবন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন।
আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩৩ টাকা। সকালে যে কাঁচামরিচ ২৮০ টাকায় বিক্রি হয়েছে; সেটি বিকালে ২৫০ টাকায় নেমে আসে।
হিলি স্থলবন্দরের আমদানি কারক আমিনুল ইসলাম পলাশ বলেন, সরকারের পক্ষ থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশসহ নাসিক থেকে প্রতি টন মরিচ ৩০০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। ডলার ১২৪ টাকা হিসাবে কেজি প্রতি মরিচের দাম পড়েছে ৩৭ টাকার কিছু বেশি।
উজ্জ্বল হোসেন বলেন, এ বন্দরের ৬৯ জন ব্যবসায়ী ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন; যা সোমবার থেকে শুরু হয়েছে।
কাঁচা মরিচ পচনশীল পণ্য হওয়ায় ব্যবসায়ীরা যাতে ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে কোয়ারেন্টাইন ছাড়পত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি।
সবশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হয়। এরপর আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ হয়ে যায়।
হিলি স্থল কাস্টম স্টেশনের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, বর্তমান দেশের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বগতি হওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে।
“দ্রুত কাস্টমের সকল প্রক্রিয়া শেষে খালাস করা হচ্ছে। যাতে আমদানিকারকরা দ্রুত তাদের পণ্য বাজারে সরবরাহ করতে পারেন”, বলেন তিনি।

