প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) এক দিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাবেন তিনি। সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় যাবেন তারেক রহমান। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
এরপর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে হাটহাজারীর মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন।
হাটহাজারী সরকারি কলেজ মাঠে পুনর্বাসন অনুষ্ঠানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে এক লাখ টাকা করে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীকে দেওয়া হবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা।
সফরের শেষ পর্যায়ে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতারা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সফর নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

