অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল সংস্থা। বিশ্বকাপে নেইমার থাকবেন কি থাকবেন না—গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ার অলিগলিতে এর চেয়ে বড় কোনো ‘সাসপেন্স’ সম্ভবত ছিল না। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই আর মাঠের বাইরের হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে যবনিকা নামল সেই নাটকের।
এই নিয়ে তেইশবার দেশটি ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল। ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রতিটি বিশ্বকাপে খেলেছে এবং পাঁচটি চ্যাম্পিয়নশিপ শিরোপা (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) জিতে সর্বোচ্চ রেকর্ডটি ধরে রেখেছে।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আজ সোমবার দিবাগত রাত বাংলাদেশ সময় ৩টায় সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সেখানে সবচেয়ে কাঙ্খিত নামটা ছিল নেইমারের। ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ প্রায় আড়াই বছর পর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। তবে দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড রদ্রিগো।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল তাদের অভিযান শুরু করবে আগামী ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ীরা।
2026 ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ফেনারবাচে), ওয়েভারটন (গ্রেমিও)
ডিফেন্ডার: অ্যালেক্স স্যান্ড্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), ড্যানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিট সেন্ট পিটার্সবার্গ), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), মার্কুইনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)
মিডফিল্ডার: কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো), ফ্যাবিনহো (আল-ইত্তিহাদ), দানিলো সান্তোস (বোটাফোগো)
ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), নেইমার (সান্তোস), এন্ড্রিক (লিয়ন), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিক (জেনিট সেন্ট পিটার্সবার্গ), রায়ান (বোর্নমাউথ)
প্রধান কোচ কার্লো আনচেলোত্তি আজ এই পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছেন। ব্রাজিল দলে এমন অনেক সুপারস্টার রয়েছেন যারা বিশ্বজুড়ে সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোতে খেলেন। ব্রাজিল দলের মূল নেতা হিসেবে মার্কুইনহোস এবং ক্যাসিমিরো অধিনায়কত্ব ভাগ করে নিয়েছেন। ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার, ব্রাজিলের বিশ্বকাপ খরা কাটিয়ে পাঁচটি ব্যর্থ অভিযানের পর অবশেষে শিরোপাটি হাতে তুলে নিতে চাইছেন।

